আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ নভেম্বর ২০২৬, ২৩:০৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২৩:১১

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের বের করা মিছিলে হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামের শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ চলাকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল হাকিম। ওই মিছিলের প্রতিবাদে শনিবার বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিলের আয়োজন করেন। এতে শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দুইজন বাসিন্দা জানিয়েছেন, নানুপুর এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। বিএনপির লোকজন যখন আজ বিকালে মিছিল নিয়ে নুরুল হাকিমকে ধরার উদ্দেশ্যে রওনা দেন, তখন মাইকে ‘ডাকাত পড়ার’ ঘোষণা দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালান। 

এ সময় ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিএনপির লোকজন আরও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল নিয়ে এসে নুরুল হাকিমের বাড়িতে ভাঙচুর চালান। তখন তারা একটা মোটরসাইকেলে আগুন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ এবং ফটিকছড়ি থানা পুলিশ।

আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিনসহ বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন বলে জানান বিএনপির স্থানীয় নেতারা। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে হোসেন ও নাজিমের অবস্থা গুরুতর। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ফেসবুকে প্রচারণা চালানোর পাশাপাশি মাইকিং করে আমাদের ওপর হামলা করেছিল আওয়ামী লীগের লোকজন। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। কিন্তু নিষিদ্ধ দলের লোকজন আগে থেকেই ওতপেতে থেকে এই হামলা চালিয়েছে। এতে আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি আমাদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পরে আমরা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।’

ফটিকছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, ‘নানুপুর বাজারের কাছেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। সংঘর্ষে আহত দুই-তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ছাড়া ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর এবং তিনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে যুবদল-ছাত্রদলের মিছিলে এই হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‌‘হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। তার আগেই তারা পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে নড়াইলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) বিকালে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই দিন সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। তাদের খুলনায় নেওয়ার পথে মারা যান। 

/এএম/ 
সম্পর্কিত
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
সর্বশেষ খবর
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৮ কোটি ২১ লাখ টাকা
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন