ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি, মাফ করে দেন: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২৬, ২০:১২ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২০:১২

বাংলাদেশে ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করবো।’

সোমবার (২৩ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌‘বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকবে। তখনই ঐক্য হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাওয়ার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে আমরা আপনার যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়বো।’

গত আট মাসে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া এবং মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিহত ব্যক্তিদের রক্তের প্রতিশোধ তারা নেবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত আট মাসে রাজপথে যারা অত্যাচার, হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছে। অর্থ লেনদেনের মাধ্যমে থানায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে বিএনপি। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস কোনও রাজনৈতিক সংলাপের কারণে মুছে যেতে দেওয়া হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন, পরবর্তী সময়ে সেই আওয়ামী লীগের কারণেই তাকে জীবন দিতে হয়েছিল। আপনার বাবা যে ভুল করেছেন, আপনি সেই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া ইতিহাসের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান যদি মনে করেন আলোচনার সুযোগ নিয়ে গণভোটের গণরায় ও জুলাই গণহত্যার বিচার এড়িয়ে যাবেন, তাহলে তা হবে আকাশ-কুসুম কল্পনা। তরুণরা এখনও রাজপথে আছেন। প্রয়োজনে তারা মসনদের দোরগোড়ায় গিয়ে হলেও গণরায় বাস্তবায়ন করিয়ে ছাড়বেন।’

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। দাবিগুলো হলো- সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের সংলাপের মুলা ঝোলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।’ নিউমার্কেট এলাকায় আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন। অনেকে চোখ ও হাত হারিয়েছেন। তাদের মর্যাদা রক্ষায় আবার রাজপথে নেমেছি আমরা।’

পাটওয়ারী বলেন, ‘এখন নতুন করে সংলাপের নামে টালবাহানা করা যাবে না। জুলাই সনদের ভিত্তিতেই বাংলাদেশের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্যের আলোচনা অর্থবহ হবে না।’

শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার ভয় দেখানোর অভিযোগও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, ‘বিএনপি এত দিন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সামনে রেখে আমাদের ভয় দেখিয়েছে। এখন আওয়ামী লীগই বিএনপির সামনে এসে দাঁড়িয়েছে।’ তারেক রহমানকে এই ‘ভুল’ দ্বিতীয়বার না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংশোধন হয়ে জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জুলাই গণহত্যার বিচার করুন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করুন।’

ভারতের বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একদিকে ভারতবিরোধিতা করা হবে, অন্যদিকে পোশাক কারখানা ভারতের কাছে তুলে দেওয়া হবে—এমন রাজনীতি আমরা দেখতে চাই না।’ তিনি বলেন, ‘যদি মোদির প্রশ্ন আসে, যদি ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশে কোনও দলাদলি নাই। বাংলাদেশে কোনও বিএনপি নাই, বাংলাদেশে কোনও জামায়াত নাই, বাংলাদেশে কোনও এনসিপি নাই। ১৮ কোটি জনতাই পুরো বাংলাদেশে একটি দল হয়ে যাবে।’

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন বলেন, ‘জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে ঐক্য কেন ভেঙেছে এবং কারা ভেঙেছে, তা প্রধানমন্ত্রীকে খুঁজে বের করতে হবে। গণভোটের রায় অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একদলীয় সংসদীয় কমিটি করার মধ্য দিয়ে ঐক্য ভাঙা হয়েছে।’

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অপমান এবং পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের আগে প্রধানমন্ত্রীকে নিজের দলের ওই সংসদ সদস্যকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’

সমাবেশ শেষে নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রামের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। মিছিলে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/এএম/ 
সম্পর্কিত
পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
সর্বশেষ খবর
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
এক মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
কপ৩১ সম্মেলন এবং বাংলাদেশের অর্জন
কপ৩১ সম্মেলন এবং বাংলাদেশের অর্জন
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কের মেয়ের বিয়েতে যত আয়োজন
৫০ লাখ মিষ্টি, ঘোড়দৌড়: বিহারের বিধায়কের মেয়ের বিয়েতে যত আয়োজন
ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি
ছাড়পত্র নিয়ে লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, বিপাকে ২০ বাংলাদেশি
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা