কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে (যাকে সাধারণত বোর্ড চ্যালেঞ্জ বলা হয়) নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। আর অকৃতকার্য থেকে পাস করেছেন ৫০৭ জন শিক্ষার্থী।
মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল পুনঃনিরীক্ষণের পর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
শিক্ষাবোর্ড থেকে জানানো হয়, এবারের এইচএসসি পরীক্ষার পর ২৫ হাজার ১৯৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৬ হাজার ৪১০ জনের নম্বর পরিবর্তন হয়েছে এবং সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জনের। পূর্বের প্রকাশিত ফলে অকৃতকার্য ৫০৭ জন পুনঃনিরীক্ষণে পাস করেছেন ও ১২০ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এর মধ্যে এক বিষয়ের ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ ও তিন বিষয় ফল পরিবর্তন হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে এক হাজার ৬৬২ জনের এবং আবেদন করেও অকৃতকার্যই রয়ে গেছেন ৫৫৮ জন শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুনঃনিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হয়েছে, তারা কলেজে ভর্তি হতে পারবেন। আমরা চেষ্টা করেছি নির্ভুলভাবে পুনঃনিরীক্ষণ করতে। যা ফলাফলে দেখা গেছে।’