
সীমানা জটিলতার কারণে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. মোয়াজ্জেম হুসাইন ও মো. বদরুজ্জামান এর বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী চার সপ্তাহের জন্য সংশ্লিষ্টদের রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সীমানা বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ চেয়ে রিট পিটিশন দায়ের করেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জয়নাল আবদীন।
আর পড়ুন: অস্ত্রের মহড়া, বিএনপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে গুলি বর্ষণ
এছাড়া একই কারণে গতবছর ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ও নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে বিবাদী করে দুটি মামলা দায়ের করেন যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সেলিনা আক্তার ও শাহিনা আক্তার।
রিট পিটিশনকারী ইউপি চেয়ারম্যান বলেন, ‘ফটিকছড়ির ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের সঙ্গে ১০-১২ বছর ধরে সীমানা ও ভোটার তালিকা নিয়ে আমাদের বিরোধ চলছে। সেই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেই আমি রিট করেছি। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে নির্বাচন স্থগিত করেছেন।’
আরও পড়ুন: রাজাকারপুত্রের হাতে নৌকা তুলে দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী টুকু!
এদিকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, তফসিল অনুযায়ী ওই ইউপিতে ২৩ এপ্রিল ভোটগ্রহণের কথা ছিল। ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ভোট বক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেনা চাওয়া হয়েছে। নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
/এসটি/








