চট্টগ্রাম নগরে দুই হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) ও খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশাররফ আলী (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্র জানিয়েছে, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ ও সেনোয়ারাকে গ্রেফতার করা হয়। তাদের বহন করা ব্যাগ থেকে মোট দুই হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে এক হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম ও সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিলুর রহমান বাদী হয়ে নগরের বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।