নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র, গুলি, বিয়ার ও গাজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে গ্রেফতারকৃতদের হাজির করে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা থানার গোয়ালবন্দ আল বারাকা এলাকার সোহরাব মিয়ার ছেলে আব্দুল হাকিম (৫০), ফতুল্লার শান্তিনগর এলাকার ইয়াসিন মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও আড়াইহাজার উপজেলার গিরদা এলাকার সোলেমান মিয়ার ছেলে রাজীব হোসেন রানা (২৮)।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজীব হোসেন রানার প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১১-৯২৪৭) থেকে ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় দুটি মামলা রয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত আবদুল হাকিমের কাছ থেকে ৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আর হাসানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলিভর্তি একটি পয়েন্ট ২২ বোরের রিভলবার, ৫টি ছুরি ও ৫০০টি ইয়াবা। হাসানের বিরুদ্ধে হত্যা ও মাদক আইনে ৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
/এমও/








