নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দৈনিক ভোরের কথা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য মাহবুবুর রহমান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। বুধবার রাত থেকে মিলছে না তার কোনও খোঁজ।
বুধবার রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার রয়েল হাসপাতালের সামনে তার ব্যবহৃত মোটর সাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মাহবুবুরের ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তারা সর্বত্র তল্লাশি চালিয়ে যাচ্ছে।
মাহবুবের স্ত্রী ফাতেমা বেগম জানান, বুধবার বিকেলে মাহবুবুর মোটর সাইকেল নিয়ে মোগরাপাড়া দমদমা এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাত ৮টা থেকে মাহবুবের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ভর বিভিন্ন জায়গায় খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি।
ফাতেমা বেগম বলেন, আমার স্বামীর কোনও শত্রু ছিল না। হঠাৎ করে কী কারণে তিনি নিখোঁজ হলেন আমরা বলতে পারছি না।
বৃহপতিবার দুপুরে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি বাবুল মোশারফের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল মাহবুবের পরিবারের সাথে দেখা করে।
আরও পড়ুন: অসুস্থ হয়ে তিন হাজতির মৃত্যু
সোনারগাঁ থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, বিষটি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে।
/এইচকে/আপ-এআর/








