গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই মারা গেছেন। তারা হলেন ইকবাল হোসেন (২৫) ও এশফাক (১১)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা বর্ষা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত ইকবাল ঢাকার উত্তরখান এলাকার মোটর মেকানিক। ছোট ভাই এশফাক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পলাশ হাটি গ্রামের মাইদুল ইসলামে ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআররটিসি বাসের পেছনে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী দুই ভাই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে।
/এআর/টিএন/








