গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে রিমান্ডে পাঠানো হয়েছে। রবিবার টঙ্গী থানার নাশকতার মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রবিবার দুপুরে শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম এই আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক মান্নানকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্তকারী কর্মকর্তা (এসআই) মিটু শেখ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, নাশকতার ঘটনায় জড়িত থাকায় অধ্যাপক এমএ মান্নানকে গত ১৫ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে প্রধান আসামি করে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় আগেই তাকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
/এনএস/টিএন/








