নরসিংদীতে এমদাদুল হক এবাদ (২৬) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরতলীর হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের স্ত্রী সুমি বেগম জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাদুয়ার চর কাঁচা বাজারে যায় এবাদ। এসময় ইউপি সদস্য প্রার্থী আলতাফ হোসেনের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন তিনি। প্রচার শেষে আলতাফ হোসেনকে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন এবাদ। সকালে বাদুয়ার চর গ্রামের নদীর তীরে তার জবাই করা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
আগামী ২৮মে অনুষ্ঠেয় হাজীপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অপর ইউপি সদস্য প্রার্থী তৈয়বুর রহমানের সমর্থকরা এবাদকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো বলেও জানায় পরিবারের সদস্যরা ।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক খালেদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তদন্তের পর তা বলা যাবে।
/এসটি/








