দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে জয়দেবপুর থানা পুলিশের কনস্টেবল মো. খলিলুর রহমানকে (৫০) কুপিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে খলিলুরের মেয়ের বাড়ি যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।
তার স্ত্রী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, রাজেন্দ্রপুরে তাদের মেয়ের জামাতা কাজল মিয়ার বাড়ি তৈরিকালে স্থানীয় সন্ত্রাসীরা কাজলের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবির বিষয়টি জানতে দুপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলেন পুলিশের কনস্টেবল খলিলুর রহমান। মেয়ের বাড়ির কাছাকাছি যেতেই ওই সন্ত্রাসীরা তার পথরোধ করে চাঁদ দাবি করেন।
পুলিশ কনস্টেবলের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুর্বৃত্তরা সঙ্গে থাকা চাপাতি দিতে খুলিলুর রহমানের বাম হাতে কোপ দিয়ে পালিয়ে যায় । পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তার হাতে সেলাই করে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সন্ধ্যার পর কনস্টেবল খলিলুর রহমান এ হাসপাতাল ত্যাগ করে চলে গেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, রাত সাড়ে ৯টা পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার ব্যাপারে তিনি শুনেছেন। খলিলুর রহমান চিকিৎসা নিয়ে আসছেন। তার কাছে প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন-অর রশীদ সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে জানান, কনস্টেবলকে সন্ত্রাসীদের কোপানোর ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে অস্ত্রসহ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
/এইচকে/








