পানির গভীর নলকূপের ওপর কর অযৌক্তিক ঘোষণাসহ, পানি সরবরাহে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থা ওয়াসাকে অপসারণ করে এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের সুষ্ঠু বিচার দাবীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে নারায়ণগঞ্জে।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার ঢাকা ওয়াসার কার্যালয়ের সামনে অরাজনৈতিক সংগঠন ‘ওয়াসা হটাও সংগ্রাম কমিটি’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে তারা ওয়াসাকে স্মারকলিপি প্রদান করেন।
ওয়াসা হটাও সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘প্রতিবার ঈদের সময় ঈদ বাণিজ্যিক করতে ঢাকা ওয়াসার কর্মকর্তারা হান্টিং শুরু করে দেয়। বিভিন্ন অযৌক্তিক ফি, নবায়ন ফি নামে লাখ লাখ টাকা এ কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। অবিলম্বে ওইসব কর্মকর্তাদের গ্রেফতার করে বিচার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। এছাড়াও ঢাকা ওয়াসার কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে নিতে হবে।’
ঢাকা ওয়াসার কর্মকর্তাদের খুনি হিসাবে অখ্যায়িত করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের লক্ষণখোলা এলাকায় ঢাকার ওয়াসার দূষিত পানি পান করে পাঁচজন মানুষ মারা গেছে। ঢাকা ওয়াসার কর্মকর্তারাই এ মানুষদের হত্যা করেছে। তারা খুনি। তাদের বিচার হয়নি বলে এখন আস্ফালন দেখাচ্ছে।
দুপুর ১টায় সংগঠনের নেতারা ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা এমএ সাঈদের মধ্যে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের নিকট স্মারকলিপি জমা দেন। ওইসময় নারায়ণগঞ্জ আঞ্চলিক কর্মকর্তা এমএ সাঈদ নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা সৃষ্টি করতে চাইলে তোপের মুখে পড়েন।
পরবর্তীতে এমএ সাঈদ নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আমরা কর্মচারী। আমাদের উপর থেকে যে নির্দেশ দেওয়া হয় তাই পালন করি। এছাড়াও মন্ত্রণালয় থেকে কয়েক বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে ওয়াসার কার্যক্রম হস্তান্তর করার জন্য বললেও তারা তা নিতে ইচ্ছুক নয়। এজন্যই নারায়ণগঞ্জে এখনও ঢাকা ওয়াসা সাধারণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। তবে এখানে কোন কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক কার্যক্রমের কোন প্রমাণ পাওয়া যাবে না।’
/এইচকে/
আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ১৬ ঘণ্টায় যা ঘটলো








