ইউপি নির্বাচনের জের ধরে কিশোরগঞ্জ জেলার হাওরের অষ্টগ্রাম উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মো. মাহাবুব হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, বুধবার সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী সাইদুর রহমান সাজু ও পরাজিত মেম্বার প্রার্থী সবুজ মিয়ার সমর্থকদের মধ্যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের নাম জানা যায়নি।
আদমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নাফ মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় মাহাবুবকে রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে কথা বলতে চাইলে আদমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী সাইদুর রহমান সাজু ও পরাজিত মেম্বার প্রার্থী সবুজ মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি।
/এমএনএইচ/








