ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর শুক্রবার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে জুমার নামাজের খুতবার বয়ানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বয়ান করা হয়েছে। খতিবরা বয়ানে সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ইসলাম এ ধরনের কাজকে কখনোই সমর্থন করে না।
শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে অন্যতম বৃহত্তম কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদ। এ মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল হলেন জেলা হেফাজতে ইসলামের আমীর। জুমার নামাজের খুতবায় তিনি বলেন, ঢাকা ও শোলাকিয়াতে যা হয়েছে তা ইসলাম সমর্থন করে না। ইসলামের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা মানুষ হত্যার কথা নাই। কিন্তু একদল বিপদগামী ইসলামের কথা বলে এভাবে মানুষ হত্যা করছে। এসব কর্মকাণ্ডে প্রমাণিত হয় দিন দিন আমাদের ওপর আল্লাহর রহমত কমে যাচ্ছে। তাই আমাদের আরও বেশি বেশি করে ইবাদত করতে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চিটাগাং রোড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি জেলা হেফাজতের সেক্রেটারি। তিনি জানান, খুতবার বয়ানে তিনি দেশের মানুষের ওপর আরও বেশি করে হেদায়েত দানে আল্লাহর কৃপা প্রার্থনা করা হয়। ইসলামে জিহাদের কথা বলা হলেও কোথাও সন্ত্রাসী কিংবা জঙ্গিবাদকে সমর্থন করা হয়নি।
ফতুল্লার ভোলাইল জামে মসজিদের খতিব ইসমাইল হোসেন সিরাজী জানান, তিনি খুতবায় স্পষ্ট বলেছেন বিদেশি কোনও ষড়যন্ত্রে হয়তো বাংলাদেশকে অস্থিতিশীল করতে এ ধরনের কাজ করা হচ্ছে। কারণ ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নেই। ইসলাম এসব কর্মকাণ্ড সমর্থন করে না।
শহরের দেওভোগ মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা হারুন অর রশিদ জানান, খুতবার বয়ানে তিনি মুসল্লিদের এসব কর্মকাণ্ড সম্পর্কে আরও সজাগ থাকতে বলেছেন। দোয়ার মধ্যে এ বিষয়টি এনে দেশের ওপর আল্লাহর রহমতের বিষয়টি আনা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে বাসচাপায় একই পরিবারের ৬ জন নিহত
/এআর/








