মানিকগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি এবিএম আনোয়ারুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি কোনও আঘাত পাননি। এ ঘটনায় স্থানীয় রামচন্দ্রপুর এলাকার সিরাজ মোল্লা (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এমপি আনোয়ারুল হক দৌলতপুর উপজেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী একটি মতবিনিময় ও এ লক্ষ্যে কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে ঢাকায় ফেরার পথে দৌলতপুর কলেজ গেইট এলাকায় তার বহনকারী গাড়িটি হামলার কবলে পড়ে। ঘটনার পরপরই আনোয়ারুল হক গাড়ি নিয়ে দৌলতপুর থানায় আশ্রয় নেন।
আনোয়ারুল হক জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে কারা হামলার সঙ্গে জড়িত এ প্রসঙ্গ জানতে চাইলে তিনি কারও নাম প্রকাশ না করলেও দলীয় প্রভাবশালীরা এ হামলায় জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
ওসি রকিবুজ্জামান জানান, হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সাবেক এমপির অভিযোগপত্র দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/








