নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় ৭ বছরের কারাদণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল একসঙ্গে মিছিল বের করে।
জানা গেছে, দুপুর ১২টায় নগরীর বাণিজ্য কেন্দ্র নিতাইগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল মিছিল নিয়ে ডিআইটিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশী বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা বাধা দেয়। এর ফলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, যুবদল মানববন্ধনের অনুমতি নিয়ে, মিছিল বের করলে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তাদের বাধা দেওয়া হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু। এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সোনারগাও থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াছিন নোবেল, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদল নেতা রিটন প্রমুখ।
/জেবি/
আরও পড়তে পারেন : গরিবের ত্রাণ নিয়ে কোনও ছিনিমিনি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী








