নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারীদের জন্য এই বিশেষ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আমেনা বেগম সাংবাদিকদের জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসহায় নারীরা নির্যাতনের শিকার হয়। দিনের পর দিন নির্যাতনের শিকার হলেও তারা মুখ না খোলায় আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।এর জন্য অনেক নারী থানায় না গিয়ে পুলিশ সুপার কার্যালয়েও আসেন। এসব নারীদের অভিযোগ মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার জন্যই এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। অসহায় এসব নারীদের সহায়তার জন্য এই কেন্দ্রে নারী পুলিশ সদস্যরা কাজ করবে।
এছাড়া ২০১৫ সাল থেকে জেলার ৭টি থানার মধ্যে ৫টি থানায় নারী সহায়তা কেন্দ্রের মাধ্যমে নারীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। তবে এসব কেন্দ্রে জনবল সংকটের কারণে সেবা দান কিছুটা ব্যাহত হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
এসময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.শফিউর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও ১) মো.শহিদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো.সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে বন্যা দুর্গতদের কিস্তি আদায়ে তৎপর এনজিওগুলো
/এআর/








