বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা, ধর্ম বিষয়ক সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ১০ জন স্থান পেয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন। কমিটির মোট সদস্য সংখ্যা ৫০২ জন।
ঘোষিত কমিটিতে চেয়ারপারসনের ৭৩ জন উপদেষ্টার মধ্যে নাম রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন আড়াইহাজার থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু। তৈমূর বিগত কমিটিতে সহ-আইন বিষয়ক ও খসরু কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।
কেন্দ্রীয় কমিটিতে থাকা আগের চার সদস্যের নাম বর্তমান কমিটিতেও রয়েছে। তারা হলেন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম ও আবুল কালাম, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান ও সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম। পাশাপাশি নতুন করে আরও ৪ জন সদস্য নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা বিএনপির সেক্রেটারি এম এ মান্নান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ -কোষাধ্যক্ষ ও রূপগঞ্জের বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন ও যুবদলের কেন্দ্রীয় নেতা আড়াইহাজারের বিএনপি নেতা এফ এম ইকবাল।
এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে তৈমূর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রে কোনও বিরোধ বা দ্বন্দ্ব না করে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
- দুপুরে ভাইস চেয়ারম্যান, বিকালে পদত্যাগ ফালুর
- বিএনপি’র স্থায়ী কমিটিতে জায়গা পেলেন আমির খসরু ও সালাহউদ্দিন
/এমও/এমএসএম/








