কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া না.গঞ্জ বিএনপি নেতাদের নিয়ে আলোচনা-সমালোচনা

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
০৭ আগস্ট ২০১৬, ১৮:২৫আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৮:২৬

নারায়ণগঞ্জ রাজধানী পাশের নারায়ণগঞ্জ জেলার ১১জন নেতাকে এবার বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করা হয়েছে। তবে এ নিয়ে নারায়ণগঞ্জের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে নেতাদের মধ্যেও রয়েছে ক্ষোভ, হতাশা সঙ্গে আশার আলোও। তাদের কেউ কেউ এ কমিটিকে সঠিক বলে দাবি করলেও অনেকে বলছেন, কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে নারায়ণগঞ্জের নেতাদের মূল্যায়ন করা হয়নি। সেই সঙ্গে নারায়ণগঞ্জ শহর থেকেও কোনও নেতাকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়নি।

শনিবার ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও নজরুল ইসলাম আজাদ সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন। তাদের মধ্যে তৈমূর কেন্দ্রীয় কমিটির আগের কমিটির সহআইন বিষয়ক সম্পাদক ছিলেন। খসরু এর আগের কমিটিতে শিল্প ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া নজরুল ইসলাম আজাদ হলেন যুবদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তার বাড়ি আড়াইহাজারে।

নতুন করে কার্যকরী কমিটিতে স্থান পাওয়া চার বিএনপি নেতা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা বিএনপির সেক্রেটারি এম এ মান্নান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহকোষাধ্যক্ষ ও রূপগঞ্জের বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন ও যুবদলের কেন্দ্রীয় নেতা আড়াইহাজারের বিএনপি নেতা এফ এম ইকবাল। তাদের মধ্যে মান্নানের বাড়ি সোনারগাঁও, দিপুর বাড়ি রূপগঞ্জ, গিয়াসউদ্দিনের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও ইকবালের বাড়ি আড়াইহাজারে।

এছাড়া কেন্দ্রীয় কমিটিতে আগের কমিটিতে থাকা চার সদস্যের নাম এখনও আছে। তারা হলেন- সাবেক এমপি রেজাউল করিম ও আবুল কালাম, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান ও সহসভাপতি মোহাম্মদ শাহআলম।

নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল বাংলাট্রিবিউনকে বলেন, নতুন কমিটিকে আমরা স্বাগত জানাই। তবে নারায়ণগঞ্জ যেভাবে অতীতে আন্দোলন সংগ্রাম করেছে, সে হিসেবে কেন্দ্রীয় কমিটির আরও গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করার প্রয়োজন ছিল। তাছাড়া নারায়ণগঞ্জ শহর হলো আন্দোলনের অন্যতম সূতিকাগার। এ শহরে যারা বিগত দিনে আন্দোলন করে হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের অবমূল্যায়ন হয়েছে মনে করছি।

জেলা যুবদলের সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ মহানগর এলাকা হতে ত্যাগী নেতাদের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেওয়া প্রয়োজন ছিল। তবে যেহেতু চেয়ারপারসন কমিটি গঠন করেছেন, তিনিও হয়ত বুঝেশুনেই করেছেন।

বিএনপি তবে কমিটিতে উপদেষ্টার পদ পাওয়া জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার বলেন, দলের চেয়ারপারসন কমিটি গঠন করেছেন, সে কমিটির ওপর আস্থা রাখা প্রয়োজন।

সদস্য পদ পাওয়া মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, তরুণ নেতাদের আধিক্য দেওয়া হয়েছে কমিটিতে। আমরা আশা করি, নারায়ণগঞ্জের নেতারা আগামীতে দলকে আরও গতিশীল করতে পারবো।

বিএনপির নেতাকর্মী সূত্র ও খোঁজ নিয়ে জানা গেছে, যাদের পদ দেওয়া হয়েছে, তাদের অতীত কর্মকাণ্ডের মধ্যেও আশা-নিরাশার গল্প রয়েছে। তৈমূর আলম খন্দকার জেলা বিএনপির সভাপতি হলেও পাঁচ বছরে কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি। যদিও বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রামে তাকে মাঠে দেখা গেছে। এমন কী পুলিশের পিটুনির সময়ে লাঠির সামনেও ছিলেন। আগের কমিটিতে কেন্দ্রীয় সহআইন বিষয়ক সম্পাদক পদে থাকা তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা, তখন তাকে প্রকাশ্য দেখা গেছে। এমনকী আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সঙ্গে ইনডিপেনডেন্ট টিভির একটি টক-শোতেও বাগযুদ্ধে লিপ্ত ছিলেন।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পেয়েছেন। তিনি আগের কমিটিতে শিল্প ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। আড়াইহাজারের রাজনীতি দিন দিন তার বলয় থেকে কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হওয়া যুবদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বলয়ে চলে যাচ্ছেন।

কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে অন্যতম একজন সোনারগাঁও উপজেলা বিএনপির সেক্রেটারি এম এম মান্নান একটি শিল্প-প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিজেকে স্থানীয় রাজনীতিতে আগে থেকেই জাহির করেছেন। দলের মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সোনারগাঁওয়ে এনে গুদাম ঘরে অনুষ্ঠান করে আলোচনায় এসেছেন মান্নান।

কেন্দ্রীয় কমিটির সদস্য পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন, যাকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত বিএনপি সরকারের আমলে তার কর্মকাণ্ডের কারণে তিনি পেয়েছিলেন ‘গডফাদার’ ও ‘নদীখেঁকো’ উপাধি। ওই সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডেও গিয়াসউদ্দিনের নাম চলে এসেছিল। তবে গত ৮ বছরে গিয়াসউদ্দিনকে একদিনের জন্যও রাজপথে নামতে দেখা যায়নি।

আড়াইহাজারের বিএনপি নেতা এফ এম ইকবাল একই সঙ্গে কেন্দ্রীয় যুবদলের নেতা। আড়াইহাজারে তিনি কোণঠাসা। পড়ে থাকেন সর্বদা ঢাকাতে। আন্দোলন সংগ্রামে তেমন ভূমিকা নেই ডাকসুর সাবেক এ নেতার।

কেন্দ্রীয় কমিটির আগেরটাতে ছিলেন সাবেক এমপি রেজাউল করিম ও আবুল কালাম, জেলা বিএনপির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান ও সহসভাপতি মোহাম্মদ শাহআলম। তাদের আবারও নতুন কমিটিতে রাখা হয়েছে। তবে তাদের নিয়েও আছে সমালোচনা ও আলোচনা। বিএনপি সরকারের সাবেক মন্ত্রী রেজাউল করিমকে দেখা যায়নি রাজপথে দীর্ঘদিন ধরে। কাজী মনির কদাচিৎ সক্রিয় থাকলেও তার একগুঁয়েমির কারণে রূপগঞ্জে বিগত দিনে অনেক জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সুযোগ লুফে নিতে পারেনি। শাহআলম নিজে একজন ব্যবসায়ী। আন্দোলন সংগ্রামে একেবারেই নিষ্ক্রিয় এ নেতাও নানা কারণে বিতর্কিত।

আবুল কালাম রাজনীতিতে তেমন একটা নেই বলেই চলে। তবে গত বছরের ৫ জানুয়ারিতে বিএনপির ‘গণহত্যা’ দিবসে বন্দরে মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে কারাভোগও করেন এ সাবেক এমপি ও নেতা, যাকে সবাই ‘ক্লিনম্যান’ হিসেবে বললেও বিগত দিনে বিনাশুল্কে বিএমডব্লিউ গাড়ি কেনা নিয়ে বেশ সমালোচিত হয়েছেন। ‘ক্লিনম্যান’ ইমেজে পড়ে কলঙ্কের তিলক।

/এবি/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম