নারায়ণগঞ্জ শহরে টোকিও প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার ‘টোকিও প্লাজা-২’ নামের ওই ভবনে বুধবার বিকাল ৬টার দিকে আগুন লাগে। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে প্রায় কোটি টাকার আসবাবপত্র ও সরঞ্জাম।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শরমা জানান, নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে টোকিও প্লাজায় আগুন
টোকিও প্লাজা সংশ্লিষ্ট প্রকৌশলী জসিমউদ্দিন জানান, ভবনের ৫তলায় শিশুদের জন্য নির্মাণাধীন একটি ‘থিম পার্ক’ এর কাজ চলছিল। সেখানে নির্মাণের জন্য কাঠ ও প্লাইবোর্ড ছিল অনেক। আমাদের প্রাথমিক ধারণা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে প্রায় ১ কোটি টাকার আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী ছিল।
স্থানীয়রা জানায় থিম পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট বাসায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হুড়োহুড়ি করে অনেকে ভবনের ছাদে ও নিচে নেমে আসে।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘টোকিও প্লাজা-২’ ভবনটি ১৬ তলা। এর নিচ তলা থেকে চার তলা ফ্লোরে সুতা, হোসিয়ারি ও থান কাপড়ের দোকান রয়েছে। ৫ম তলায় নির্মিত হচ্ছিল শিশুদের একটি থিম পার্ক। ৬ষ্ঠ তলা হতে ওপরে রয়েছে আবাসিক ফ্ল্যাট বাসা।
/এনএস/








