
বৈরী আবহাওয়ার কারণে টানা ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো.সামসুল আলম লঞ্চ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়াসহ আরিচা-কাজিরহাট রুটের লঞ্চও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু করেছে।
দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। দুর্ঘটনা এড়াতে বৈরী আবহাওয়ার মধ্যে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলামও লঞ্চ সার্ভিস শুরুর বিষয়টিও নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা জানান, আওহাওয়ার অধিদফতরের সতর্ক সংকেত নামিয়ে দেওয়ার পর লঞ্চ মালিকদের এই রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।
/এসটি/








