বৈরী আবহাওয়ার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি’র মাওয়া দফতরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় বুধবার সন্ধ্যা ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র ওই কর্মকর্তা জানান, বুধবার বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আজ সকাল ৭টা থেকে ৪টি রোরো ফেরিসহ মোট ১২টি ফেরি চলাচল শুরু করেছে। কে-টাইপ ও ডাম্প ফেরিগুলোও চলছে।
তিনি আরও জানান, ফেরি না চলার কারণে গত রাত থেকে শিমুলিয়া ঘাট প্রান্তে বেশ কিছু যানবাহন আটকে ছিল। তবে এখন যানবাহন কমতে শুরু করেছে।
মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. মোশারফ জানান, গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যাত্রীবাহী বাসসহ কমপক্ষে দুই’শ গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আছে।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল শুরু
/এআর/








