টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের দাবিতে মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ নিহতের স্বামী সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামের নুর হোসেনের মেয়ে মর্জিনা আক্তার (৩০)। ১২/১৩ বছর আগে কামলারচালা গ্রামের সাইফুল ইসলামের (৩৫) এর সঙ্গে মর্জিনার বিয়ে হয়। তাদের সংসারে শান্তা (৯) নামে এক কন্যা ও মুহিত (৩) নামে এক ছেলে আছে। সম্প্রতি সাইফুল স্ত্রী মজির্নাকে বাবার বাড়ি থেকে একলাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। এ নিয়ে ২৪ আগস্ট বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন সাইফুল তার স্ত্রী মর্জিনাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে। এ সময় ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে গৃহবধূর ভাই মুন্নাফ বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কাজ চলছে। গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
/এমও/








