মাদারীপুরের সিদ্দিকখোলা কুমার নদীতে জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে ভানুমতি বালা (৬০) নামে একজন নিহত হয়েছেন। তার স্বামীর নাম সুখবালা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীর অসংখ্য মানুষ মাদারীপুর শহরে এসেছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুমার নদীতে বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে ওই ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ২-৩ জনকে উদ্ধার করে মাদারীপুর সদস হাসপাতালে পাঠায়। সেখানে ভানুমতি বালাকে জরুরি বিভাগের চিকিৎসক অকিল সরকার মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বিপরীত দিক থেকে আসা ট্রলারটিতে ডুবে যাওয়া অনেক যাত্রীকে ওঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ১২-১৩ জন নিখোঁজ রয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দীন বিশ্বাস জানান, রা ১০টা পর্যন্ত হাসপাতালে ৩-৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন মারা গেছে। নিখোঁজদের কোনও তথ্য তাদের কাছে নেই। এখানে ফায়ার সার্ভিস ডুবুরি দিয়ে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন
/এআর/








