বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, ‘পৃথিবীর সব দেশেই সন্ত্রাসবাদের সমস্যাটি রয়েছে। তবে বাংলাদেশের পুলিশ অন্য যে কোনও দেশের তুলনায় অনেক দক্ষতা, কঠোর পরিশ্রম ও সাহসিকতায় এ সমস্যা সমাধান করছে। বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। তারা আমাদের সব ব্যাপারে সহযোগিতা করছে। তবে আমাদের সব সময়ে সতর্ক থাকতে হবে। এটা মনে করা উচিত না যে সমস্যা সমাধান হয়ে গেছে।’
শনিবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বার্নিকাট এসব কথা বলেন।
সকাল ৯টায় সিটি করপোরেশনের নগর ভবনে আসেন রাষ্ট্রদূত। পরে মেয়রের সঙ্গে প্রায় সোয়া ১ ঘণ্টা আলোচনা করেন। এসময় সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাজী ওবায়েদউল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, ‘এটা আমার হঠাৎ আসা না। কারণ এর আগে মেয়রের সঙ্গে যতবার দেখা হয়েছে ততবারই পরিকল্পনা করেছিলাম আসবো। আমি জানি যে বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জ কেমন ভূমিকা রেখেছে। আমি এও জানি দেশের অর্থনীতিতেও নারায়ণগঞ্জের ভূমিকা আছে। সে কারণই নারায়ণগঞ্জের প্রতি আমার আগ্রহ। নারায়ণগঞ্জের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে কতটুকু ভূমিকা রাখছে, মেয়র এ বিষয়ে জনগণকে কিভাবে বোঝাচ্ছে, উন্নয়ন কিভাবে করছে সেটা দেখতেই সৌজন্য সাক্ষাতে আসা।’
সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী জানান, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গেও রাষ্ট্রদূত ইতোমধ্যে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ এসেছিলেন রাষ্ট্রদূত। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ। আইভী বলেন, ‘আমরা জঙ্গিবিরোধী পদক্ষেপ ও উন্নয়ন কাজ কিভাবে চালাচ্ছি, কোনও ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চেয়েছেন।’
আরও পড়ুন-
আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ
/এফএস/








