গোপালগঞ্জে মোবাইল চুরির অভিযোগে কিশোরের চুল কেটে গলায় জুতার মালা ঝুলিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অপরাধে কবির হোসেন শেখকে (৪৮) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তপাড়ে এ ঘটনা ঘটেছে। আটক কবির শেখ মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদি গ্রামের কালাই শেখের ছেলে।
নির্যাতনের স্বীকার কিশোর নূর আলম শেখের বাবা শাহজাহান শেখ আভিযোগ করেন, আমার ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আটক করে প্রথমে তারা বেদম মারপিট করে। পরে মাথার চুল কেটে গলায় জুতার মালা দিয়ে তাকে টেকেহাট বন্দরে ঘুরায়। এক পর্যয়ে তাকে গাছের সঙ্গে বেধে নির্যাতন করা হয়। খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কবির হোসেন শেখকে আটক করে। আমার ছেলে ও কবির বর্তমানে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে রয়েছে।
আটক কবিরের হোসেনের ভাই হবি শেখ জানিয়েছে, কিশোর নূর আলম শেখ তার বাবার চায়ের দোকানে কাজ করেন। মঙ্গলবার রাতে সে আমাদের চর প্রসন্নদি গ্রামের বাড়ি থেকে একটি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে। বুধবার সকালে নূর আলমকে মোবাইলসহ আটক করা হয়। সে এর আগেও আমাদের বাড়িতে চুরি করেছে।
রাগদী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, চুরির ঘটনায় একটি ছেলেকে আটক করেছে বলে কবিরেদের বাড়ি থেকে আমাকে মোবাইলে জানিয়ে সেখানে যেতে বলা হয়। কিন্তু আমি যাওয়ার আগেই তারা আইন হাতে তুলে নেয়। পুলিশ কবিরকে আটক করেছে।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস.আই জালাল উদ্দিন বলেন, চুলকাটা ও হাত বাধা অবস্থায় টেকেরহাট পপুলার স্কুলের সামনে থেকে কিশোর নূর আলমকে উদ্ধার করেছি। তাকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে আমরা চুরির মোবাইল উদ্ধার করতে পারিনি। মারপিটকারীরা তার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে বিকালে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে।
/এনএস/








