নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি মায়েদের সঙ্গে ঈদ করলো ৬ শিশু। যাদের প্রত্যেকের বয়স ৬ বছরের কম। মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই শিশুদের কারাগারে প্রবেশ করতে দেয় কারাগার কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো.আসাদুর রহমান জানান,এ কারাগারে ১ হাজার ৫১০ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন নারী। এসব নারী বন্দির মধ্যে ৬ জনের শিশু তাদের সঙ্গে কারাগারে ঈদ করার সুযোগ পেয়েছে। এছাড়া বন্দিদের মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সবাই সকালে এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। কারা মসজিদের ইমাম নামাজে ইমামতি করেন।
ঈদ উপলক্ষে বন্দিদের সকালে পায়েস-মুড়ি, দুপুরে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি ও কোমল পানীয় দেওয়া হয়। রাতে ভাত, আলুর বোখরা, মাছ ও ডাল দেওয়া হবে।
আসাদুর রহমান আরও জানান, ঈদ উপলক্ষে বন্দিদের তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। সারাদিন বন্দিদের আত্মীয়রা তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাত করেছেন। এছাড়াও আত্মীয়দের বাসা থেকে রান্না করে আনা খাবারও খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান,দেশের বর্তমান প্রেক্ষাপটে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদ উপলক্ষে যেসব মালামাল কারাগারের ভেতরে প্রবেশ করছে সেগুলো তলাশি করা হচ্ছে।
আরও পড়ুন শোলাকিয়ায় মুসল্লি ও নিরাপত্তাকর্মী সমান-সমান
/এমডিপি/








