টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের জন্য কারখানা মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। তারা টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে কারখানার শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে শ্রমিক-কর্মচারীরা স্লোগান দেন, ‘টাম্পাকো পুড়লো কেন, তিতাস গ্যাস জবাব চাই’, ‘টাম্পাকো পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সাহায্য চাই’, ‘টাম্পাকো বাঁচলে টাম্পাকো পরিবার বাঁচবে’, ‘সুখে ছিলাম-দুঃখে আছি আমরা, টাম্পাকোকে ভালবাসি’, ‘টাম্পাকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই, করতে হবে’।
স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী আধা ঘন্টার এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অপারেটর জাকির হোসেন, দেলোয়ার হোসেন, লিটন, মজিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর (শনিবার ) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে। বুধবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন।
আরও পড়ুন-
সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের
/এফএস/ এপিএইচ/








