টাম্পাকো ফয়েলস কারখানার মালিককে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গাজীপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার সকালে জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখা ও বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।
শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক এসএম আলমের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
এ সময় নেতারা জানান, অতীতে টাম্পাকোর মতো দুর্ঘটনা ঘটলেও এর প্রতিকারের কোনও ব্যবস্থা নেয়নি মালিক কর্তৃপক্ষ। মালিকের গাফিলতি এবং অবহেলার কারণে এ ধরণের কোনও দুর্ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সেই সঙ্গে তারা টাম্পাকো মালিক ও দোষী কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান। এ সময় জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মীর দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. এমএ কাশেম, বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।ি
আরও পড়ুন:
টাম্পাকোয় নিখোঁজ ৯ জনের পরিবার সিআইডিতে
/বিটি/







