নারায়ণগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি রফতানিমুখী পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ (বন্ধ ) ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে কারখানার বাইরে ওই নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। এদিকে, বিকেলে কারখানাটি খুলে দেওয়ার দাবিতে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিকেরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সুপ্রিম নিটওয়্যার লিমিটেড কারখানাটিতে ৩ হাজার শ্রমিক কাজ করছেন। শ্রমিকেরা হাজিরা বোনাস ৪শ টাকা থেকে বাড়িয়ে ৫শ টাকা, খাবার ও যাতায়াত ভাতা ১৫৩০ টাকা থেকে ২০০০ টাকা, টিফিন বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও বেতন-ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করার দাবিতে রবিবার ও সোমবার কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দেয়, যেখানে লেখা আছে, ‘অনিবার্য কারণবশত কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।’
সুপ্রিম নিটওয়্যার লিমিটেড কারখানার জিএম (অ্যাডমিন কম্প্ল্যায়েন্স) জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিকরা অশান্তভাবে কাজ করায় কিছুটা ব্যাঘাত আমরা দেখেছি। তাই, আপাতত আমরা কারখারাটি বন্ধ রেখেছি।’
শিল্পপুলিশ-৪ নারায়ণগঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, শ্রমিকদের কয়েকটি কর্তৃপক্ষ মেনেও নিয়েছিল। তার মধ্যে তাদের ওভার টাইমের সময় টিফিন বিল ৩০ টাকা ছিল। পরে শ্রমিকরা প্রথমে ৩৫ টাকা দাবি করলে কর্তৃপক্ষ সেটা মেনে নিলেও পরে আবার ৪০ টাকা দাবি করেন তারা। এ নিয়ে ইপিজেডের মধ্যে একটি প্রভাব পড়বে। সে কারণেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে আবার খুলে দেওয়া হবে।
/এবি/আপ-এআর/








