টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ নভেম্বর মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন।
ওই দুই আসামি হলেন, সাবেক যুবলীগ নেতা নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ।
টাঙ্গাইলের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান জানান,আজ কাশিমপুর কারাগার -১ এ মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ ঘাটাইল আসানের সাংসদ আমানুর রহমান খান রানা অসুস্থ থাকায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। কিন্তু মামলায় গ্রেফতার হওয়া আরও দুই আসামি নাসিরুদ্দিন নুরু ও মাসুদুর রহমান মাসুদের আইনজীবী আদালতে তাদের জামিন আবেদন করে। আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন। এসময় আদালত আগামী ৯ নভেম্বর এই মামলায় চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করে অভিযোগপত্রে দাখিল পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ও জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, ২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামের যুবলীগ কর্মী মামুন ও শামীমকে সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী মোর্শেদ ফোন করে ডেকে আনেন। এরপর থেকে মামুন ও শামীম নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর মামুনের বাবা হাতেম আলী ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় মামুন ও শামীমকে হত্যা করা হয়েছে। গত শনিবার ফারুক হত্যা মামলায় নুরু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়। পরে রবিবার জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নুরুকে মামুন ও শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাশ গোয়েন্দা পুলিশের আবেদন আমলে নেন। একই সঙ্গে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
/এমডিপি/








