মাদারীপুরে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, ইজিবাইকসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক-ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে আন্তঃজেলা বাস-মিনিবাস সমিতির কার্যালয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি খায়রুল হাসান নিটুল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ওই শ্রমিক নেতা বলেন, মহাসড়কে অবৈধ যান নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল করায় বাস মালিক-শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলের ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। তাই এসব অবৈধ যানবাহন অনতিবিলম্বে মহাসড়কে চলাচল বন্ধ করা না হলে পরিবহন ধর্মঘটসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাবেক সহ-সাধারণ সম্পাদক মফিজ হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন:
ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা
/বিটি/








