কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পৌর এলাকায় আওয়ামী লীগের একাংশ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। তৃণমূল ভোটে নির্বাচিত প্রার্থীকে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় মঙ্গলবার রাত ৯টায় এ হরতালের আহ্বান করা হয়।
জানা যায়, কিশোরগঞ্জ প্রেসক্লাবে মেয়র পদে দলীয় প্রার্থী ঠিক করার নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলে পৌরসভা নির্বাচনে তিনিই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিনকে মনোনয়ন দেয়। এ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পাকুন্দিয়া পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মাইকিং করে তৃণমূল ভোটে নির্বাচিত মনোনয়ন প্রত্যাশি মোতায়েম হোসেন স্বপন মনোনয়ন পরিবর্তনের দাবিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি থেকে মনোনীত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, তৃণমূলের ভোটে নির্বাচন আমি বর্জন করেছিলাম। যোগ্যতা বিচারের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি আমাকে মনোনয়ন দিয়েছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আমি আশা করি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত উপজেলা আওয়ামী লীগের সবাই মেনে নিবে।
গত রবিবার তৃণমূলের নির্বাচনে মোট ছয়জন দলীয় মনোনয়নের জন্য অংশ নিয়েছিলেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান চুন্নু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন ও জেলা কৃষকলীগ নেতা বোরহান উদ্দিন।
এর আগে এ ছয় প্রার্থীই এলাকায় ব্যানার, পোস্টার লাগিয়ে জনসংযোগ করছিলেন। আগামী ৩১ অক্টোবর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাত ৯টার দিকে স্বপনের কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
/এআর/








