গাজীপুরের টঙ্গীতে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম দেলোয়ার হোসেন (৩০)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নম্বর ব্লকের বাসিন্দা।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে পূর্ব শত্রুতার জের ধরে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হোসেন তার দলবল নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় দেলোয়ারকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, দেলোয়ারের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, দেলোয়ার মালয়েশিয়া প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে এসেছেন।
/এমডিপি/








