গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা ও সহযোগী অধ্যাপক মনিরুজ্জামানের নামে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। রবিবার রাতে একই কলেজের সহকারী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার জয়দেবপুর থানায় জিডিটি করেন (জিডি নং ৬৭৮)।
ওই দুইজনের বিরুদ্ধে ডা. সুশান্ত কুমার সরকার ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) গাজীপুর জেলার সভাপতি ডা. আমীর হোসাইন রাহাতকে খুন জখমের হুমকি ও গালাগালির অভিযোগ আনা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাজীপুর শহরের একটি রেষ্টুরেন্টে ওই কলেজের অর্থোপেডিক বিভাগের উদ্যোগে একটি সেমিনার ছিল। বাদী ডা. সুশান্তসহ বিএমএ সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত এতে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে বাইরে এসে সেমিনারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার সময় কলেজের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, সহযোগী অধ্যাপক ডা. মনিরুজ্জামান এবং তাদের সঙ্গে থাকা গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক তাদের গালাগালি এবং মারমুখী আচরণ করে। একপর্যায়ে তারা ডা. রাহাতের প্রাইভেটকারে আঘাত করে ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় গাজীপুরের চিকিৎসকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, জিডির সত্যতা তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) হুমাযুন কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
তামিমের ঘনিষ্ঠ আকাশ ছিল শোলাকিয়ায় হামলার সমন্বয়ক
/বিটি/







