গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে তিনটি এ্যান্বুলেন্সে করে লাশগুলো পাঠানো হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গি এবং হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে লাশগুলো হিমঘরে রাখা হবে।
এর আগে তিনি জানিয়েছিলেন, গত শনিবার সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশ, সোয়াত ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানে সাত জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার আকাশের পরিচয় পাওয়া গেলেও অপর ছয় জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
এ ছাড়া একইদিন (শনিবার) হাড়িনাল পশ্চিমপাড়া লেবু বাগান এলাকায় আতাউর রহমানের বাড়িতে র্যাবের অভিযানে নিহত দুই জনের নাম তৌহিদুল ও রাশেদুল বলে জানায় র্যাব। তাদের বাড়ি নরসিংদী বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছিলেন।
/এইচকে/








