মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মুনিরুল ইসলাম খান জানান, দুপুরে আমানুর রহমান খান রানার আইনজীবীরা আদালতে জামিনের প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
মামলায় আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাকি মিয়াসহ অনান্য আইনজীবী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মুনিরুল ইসলাম খান। তাকে সহায়তা করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও এস আকবর খানসহ অন্যান্য আইনজীবী।
চাঞ্চল্যকর ফারুক আহমদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। ১৯ সেপ্টেম্বর এমপি আমানুর রহমান খান রানাকে গাজিপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে ২৬ সেপ্টেম্বর জামিনের আবেদন করলে একই আদালত তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসার কাছ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে আমানুর রহমান খান রানাসহ চার ভাই জড়িত এ মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন। পরে পুলিশ তদন্ত শেষে এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলা বর্তমানে টাঙ্গাইলে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় বিচারাধীন অবস্থায় রয়েছে।
/এমডিপি/








