সাভারে দোকান ভাড়ার টাকা দিতে না পারায় কাদির (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এক সিএনজি স্টেশন মালিক। রবিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকার মোল্লা সিএনজি পাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। পরে ঘটনার সঙ্গে জড়িত সিএনজি স্টেশনের ম্যানেজার সেলিমকে আটক করা হয়।
নিহত ব্যবসায়ী কাদির যশোরের বেজপাড়া তালতলা গ্রামের মান্দর গাজীর ছেলে। এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সাভার মডেল থানার এসআই তন্ময় সাহা নিহতের ভাই ও তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের হেমায়েতপুর এলাকায় মোল্লা সিএনজি স্টেশনের ভেতরে একটি দোকান ভাড়া নিয়ে থাই গ্লাসের ব্যবসা করতেন কাদির। প্রতিমাসে নিয়মিত ভাড়া দিয়ে আসলেও কয়েকদিন ধরে তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি এ মাসের ভাড়া দিতে পারেননি। পরে আজ রবিবার সন্ধ্যার দিকে মোল্লা সিএনজি স্টেশনের ম্যানেজার সেলিম দোকান ভাড়ার জন্য কাদিরের দোকানে যায়। এসময় কাদির দোকান ভাড়া দিতে দেরি হবে বলে জানালে সিএনজি স্টেশনের ম্যানেজার উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে সেলিম আহম্মেদ তার স্টেনের লোকজন নিয়ে দোকান আটকে ব্যবসায়ীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলের স্ত্রী কয়েকদিন ধরে অসুস্থ। তাই সে ঠিকমতো তার প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। এ কারণেই এই মাসে দোকানের ভাড়া দিতে তার বিলম্ব হয়েছে। মাত্র এক মাসের ভাড়া দিতে দেরি করার জন্য আমার ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার দাবি করছি।
নিহতের ভাই সোহেল জানান, তার ভাইকে হত্যার পর থানায় মামলা করতে গেলে এসআই তন্ময় কুমার সাহা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়াও সিএনজি স্টেশনের মালিকদের সঙ্গে তাদের ঘটনাটি আপোস করার জন্য বলে। এছাড়াও এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত উপ-পরিদর্শক এসআই তন্ময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিহতের ভাই তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন। তবে হত্যার হুমকি দেয়নি বলে অস্বীকার করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এআর/








