বুড়িগঙ্গায় একটি ট্রলার থেকে প্রায় দেড় কোটি বর্গমিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের মূল্য প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব জাল আগুনে পোড়ানো হয়।
কোস্টগার্ড পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বাংলা ট্রিবিউনকে জানান, ১৪ নভেম্বর সকালে টিম লিডার চিফ পেটি অফিসার এম এম হোসনের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর ছোট কাঠারা ঘাট এলাকায় অভিযান চালায়। ওই সময়ে ‘এম ভি মায়ের দোয়া-১’ মালবাহী ট্রলার থেকে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৪৪ লাখ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা। পরবর্তীতে আটককৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার দুপুর ১টায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
/এআর/








