দলীয় প্রতীক না পেলে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘গতবারের নির্বাচনের পরিস্থিতি আর এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে। যেহেতু দলের প্রতীকে ভোট হবে, সেহেতু দল নৌকা না দিলে আমি নির্বাচন করবো না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি সিটি করপোরেশন চালাতে সক্ষম হবো তাহলে আমাকে মনোনয়ন দেবেন। আর নৌকা প্রতীক দিলেও দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জের সন্তান হিসেবে সবার সমর্থন নিয়েই নির্বাচন করতে চাই। দল মনোনয়ন না দিলে নির্বাচন করবো না। তখন ক্ষমা চাইবো। আমি নারায়ণগঞ্জের মানুষের সেবা করতে চাই। আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই।’
শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আইভী আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। কারণ এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে বাদ দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করে একটি তালিকা দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে পাঠানো হয়।
নারী হিসেবে তাকে কখনই যথার্থ সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আইভী। তিনি বলেন, ‘আমাকে নারী হিসেবে সম্মান না দিয়ে বেইজ্জত করা হয়েছে। আমাকে কতভাবে অপমান, অপদস্ত করা হয়েছে তা সবাই জানে। যারা মা-বোনকে, ঘরের বউকে সম্মান দিতে পারে না। তাদের কাছে নারায়ণগঞ্জবাসী কিছু আশা করতে পারে না।’
আইভী বলেন, ‘আবেগে বারবার সিদ্ধান্ত নেওয়া যায় না। যখন এ শহরে কেউ সাহস করে ‘সিংহপুরুষের’ সঙ্গে লড়তে চায়নি, তখন আমি বলেছিলাম একটি ভোট পেলেও লড়বো। সেই সময় লাখ লাখ জনতা আমার পাশে ছিল। তখনই প্রমাণ হয়ে গিয়েছিল দেওভোগের সন্তান হিসেবে আমরা কাউকে ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে যারা লুণ্ঠন করেছে, মা-বোনের ইজ্জত হরণ করেছে তাদের সঙ্গে আমি আপোশ করবো না। জামায়াতের সঙ্গে কোনও আপোশ আমি করতে চাই না।’
তিনি বলেন, ‘আমি তৈমূর আলম খন্দকারকে (জেলা বিএনপির সভাপতি) চাচা বলে সম্মোধন করি। এক ঘরে দুই ভাই দুই ধরনের রাজনীতি করলে তা নিয়ে কোনও কথা উঠে না। কিন্তু আমি যখন প্রতিবেশীর সঙ্গে কথা বলবো তখনই কথা উঠে যে, আইভী বিএনপি-জামায়াতের লেজুরবৃত্তি করে, নেত্রীকে গালি দেয়। এসব অভিযোগ সব মিথ্যে। এ শহরে যারা কথা বলতে দেয় নাই, যারা ভয় ভীতি দেখিয়ে রামজত্ব কায়েম করেছে তারা চায় না অন্য কেউ এখানে থাকুক।’
এর আগে বন্দরের নবীগঞ্জে বাদ জুমা কদম রসুল দরগাহ শরিফে দোয়ায় অংশ নেন আইভী।
/এসটি/








