আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যেহেতু শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতি করেন, আর দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন সেহেতু দলের প্রতি অনুগত হলে শামীম ওসমান অবশ্যই নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন।’ শনিবার সকালে শহরের দেওভোগে নিজ বাসায় গণমাধ্যমকে আইভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কোনও ধরনের বিভক্তি বা কোন্দল নেই। আমাকে নৌকা প্রতীক দেওয়ার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। আশাকরি ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে আমরা ইলেকশন করবো ইনশাল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো আওয়ামী লীগ সভানেত্রীর নৌকা প্রতীকের পক্ষেই কাজ করতে।’
মেয়র পদে নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে এমন বিধি প্রসঙ্গে আইভী বলেন, ‘আইন দেখে ও নির্বাচন কমিশনের চিঠি পেলে আমি কবে পদত্যাগ করব সেই সিদ্ধান্ত নেব।’
পরে আইভী দেওভোগে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের বাসায় যান। তবে ওই সময়ে আনোয়ার হোসেন বাসায় ছিলেন না।
এদিকে, শনিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আইভীর বাসায় ভীড় করেন। শুক্রবার রাতের মত শনিবারও বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আলী আহমেদ চুনকা পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তাদের সবাইকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলের মনোনয়নের জন্য যে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল তাতে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। তবে জনমত বিবেচনায় নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছে।
/বিটি/







