নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ১৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তথ্য গোপন, ব্যাংকের ঋণ খেলাপিসহ নানা অভিযোগে ওই ১০ জনের মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয় বলে জানান নির্বাচনি কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলে।
নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, শনিবার ১ থেকে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলরদের বাছাই হয়েছে। রবিবার ১৯ থেকে ২৭নং ওয়ার্ডসহ মেয়র প্রার্থীদের বাছাই হবে।
নুরুজ্জামান তালুকদার জানান, ‘১নং ওয়ার্ডে সুমন কাজী, ৩নং ওয়ার্ডে নূর সালাম, ৪,৫,৬ নং সংরক্ষিত আসনের মোসা. সুমি বেগম, ৫নং ওয়ার্ডে গোলাম মো. তানভীর, ৭ নং ওয়ার্ডে আবুল কালাম দেওয়ান, ৮নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন খোকন, ১২নং ওয়ার্ডে জিল্লুর রহমান লিটন, ১৩নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজউল্লাহ, ১৪নং ওয়ার্ডে দিদার খন্দকারের মনোনয়ন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়েছে।’
নুরুজ্জামান তালুকদার আরও জানান, ‘যাদের প্রার্থীতা অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে তারা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করার সুযোগ পাবেন। এছাড়াও তাদের প্রার্থিতা বৈধ প্রমাণ করার জন্য আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত সময় রয়েছে। তবে অবশ্যই যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করবেন না। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, নির্বাচনে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।
আরও পড়ুন-
বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল
/এফএস/








