নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার যুক্তিতর্ক অব্যাহত রয়েছে। সোমবার আরও ছয়জনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৩৫ আসামির মধ্যে ২৮ জনের যুক্তিতর্ক শেষ হলো। আগামীকাল মঙ্গলবার ফের যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, সোমবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এদিন মামলার অন্যতম আসামি র্যাবের চাকুরিচ্যুত সেনা কর্মকর্তা তারেক মোহাম্মদ সাঈদসহ ৬ জনের যুক্তিতর্ক সম্পন্ন হয়।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার তারেক মোহাম্মদ সাঈদের পক্ষে যুক্তিতর্কে পরিচালনা করেছেন অ্যাডভোকেট সুলতানুজ্জামান ও অ্যাডভোকেট সাহাব দ্দীন। এছাড়াও সিপাহী আবু তৈয়্যব, কনেস্টবল সিহাবউদ্দীন, হাবিলদার এমদাদুল হক ও নাসিরউদ্দীনের পক্ষে যুক্তিতর্ক পরিচালনা করেছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। এসআই পুর্নেন্দু বালার পক্ষে ছিলেন অ্যাডভোকেট হরেন্দ্র নাথ মণ্ডল।
যুক্তিতর্কে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে বিভিন্ন যুক্তি দেখান। এছাড়াও সাত জনকে হত্যা অপহরণ গুমের ঘটনায় আসামিরা জড়িত নয় বলেও দাবি তুলেন আইনজীবীরা। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকনের সঙ্গে একাধিকবার আসামিপক্ষের আইনজীবীরা তর্কে জড়ান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। মামলায় অভিযুক্ত করা হয়েছে ৩৫ জনকে যাদের মধে ২৩ জন গ্রেফতার ও বাকি ১২জন পলাতক আছেন।
/এসটি/








