আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফল যাই হবে তা মেনে নিয়ে পরদিন একসঙ্গে নাস্তার টেবিলে মিষ্টি খেতে চান আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, ‘নির্বাচন ২২ ডিসেম্বর হবে। কিন্তু এরপর আমরা নারায়ণগঞ্জেই থাকবো। আমি তাকে (সাখাওয়াত) দাওয়াত করছি যদি আমি নির্বাচনে জিতে যাই তাহলে ২৩ ডিসেম্বর সকালে সাখাওয়াত ভাই আমার বাসায় আসবেন নাস্তা ও মিষ্টি খেতে। আর উনি যদি জিতে যান তাহলে আমি উনার বাসায় যাবো মিষ্টি খেতে। সেই ধরনের পরিবেশ যাতে বজায় থাকে। কারণ আমি বিগত দিনে দল মতের ঊর্ধ্বে গিয়ে কাজ করেছি। সব মানুষের সঙ্গে কাজ করেছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে জিজ্ঞাসা করি নাই আপনি কোন দল করেন? রাস্তাঘাট করতে গিয়ে সকলের সঙ্গে মিলে কাজ করেছি। আমি আশাকরি এ শহরের মানুষ দল, মতের ঊর্ধ্বে আমাকে ভোট দেবে।’
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের উপস্থিতিতে আইভী এসব কথা বলেন। তখন সাখাওয়াত সহ সাতজন মেয়র প্রার্থীই উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে: সাখাওয়াত
/বিটি/








