আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়ানো ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এটা রোধে তারা সন্ধ্যার পর থেকে রাতে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেষ্ট থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সভায় প্রার্থীরা এসব কথা বলেন।
সভায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২৭টি ওয়ার্ডের মোবাইল টিমকে রাতের বেলায় টহল দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ অনেক কাউন্সিলর প্রার্থী আমাকে জানিয়েছেন রাতের বেলায় কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। বিশেষ করে ১৯, ২০ ও ২১ ডিসেম্বরের রাতে টহল বেশি থাকা প্রয়োজন। আমি চাই না নারায়ণগঞ্জে কালো টাকার ছড়াছড়ি হোক।’
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আগেও কয়েকটি বিষয়ে অভিযোগ দিলেও সেগুলোর সুরাহা পাইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনও দলবাজ কর্মকর্তা থাকলে তাদেরকে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনতে হবে।’
১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পপি রানী সরকার বলেন, ‘নির্বাচনের দু-তিন দিন আগে মধ্যরাত থেকে ভোট বেচাকেনা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটকে পণ্য হিসেবে তৈরি করেছে। এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা এমনকি প্রয়োজনে যেন মনোনয়নপত্র বাতিল করা হয়।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ ও মোহাম্মদ আবদুল মোবারক, সচিব মোহাম্মদ আবদুল্লাহ। বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ।
এছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৭ মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, বিএনপির সাখাওয়াত হোসেন খান, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, কাউন্সিলর প্রার্থী পপি রাণী সরকার, মনোয়ারা বেগম, আল মামুন ও হাজী ইউনুস মিয়া বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
তৃতীয়পক্ষ যেন কারসাজি করতে না পারে: আইভী
হার-জিত যাই হোক সাখাওয়াতের সঙ্গে মিষ্টি খেতে চান আইভী
আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজা হচ্ছে: সাখাওয়াত
/বিটি/








