নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নিলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। রবিবার সকাল থেকে দিনভর চলা এ সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় লুটপাট করাসহ আগুন দেওয়া হয়েছে অর্ধশতাধিক বাড়িঘরে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকরা সকাল থেকে টেঁটা, বল্লম ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বীরগাঁও গ্রামের অর্ধশতাধিক বাড়িতে আগুন দেওয়াসহ লুটপাট করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ককটেল, টেঁটা ও বল্লমের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।গ্রেফতার এড়াতে আহতরা অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত ১৪ নভেম্বর বিবাদমান এই দুই গ্রুপের সংঘর্ষে মারা যান চারজন। পরে নিলক্ষার সোনাকান্দি ও দড়িগাঁও গ্রামে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। যা এখনও বলবৎ আছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
‘আপু যে বেঁচে আছেন, আমার কাছে তা স্বপ্নের মতো লাগে’
‘আমার নাম শাহান আরা, বীরাঙ্গনা না’
/বিটি/








