নারায়ণগঞ্জে আল আমিন (২০) নামে এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগে রিমন মিয়া (২১) নামে অপর এক শ্রমিককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে আড়াইহাজার উপজেলার সাবেদ আলী স্পিনিং মিলে পায়ুপথে বাতাস দেওয়ার এ ঘটনা ঘটলে পুলিশ অভিযুক্ত শ্রমিককে আটক করে এবং আহত ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। সংকটাপন্ন আল আমিন উপজেলার ব্রাহ্মন্দি গ্রামের হাসান আলীর ছেলে। আটক রিমন মিয়ার বাবার নাম রবিউল ইসলাম। বাড়ি রাজশাহীর থানাপাড় এলাকায়।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার গোপালদি বিনাইরচর এলাকাতে সাবেদ আলী স্পিনিং মিলটি ব্রাহ্মন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার ভাই হক মিয়ার।
ওসি সাখাওয়াত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে শরীরে জমা তুলা পরিষ্কারের সময়ে দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিন দিয়ে আল আমিনের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেয় রিমন আর এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই তরুণ।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। রিমনকেও আটক করা হয়।
এর আগে সোনারগাঁও ও রূপগঞ্জে পায়ুপথে বাতাস দেওয়ার দু’টি পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।
/এইচকে/








