নতুন বছরের সূর্য এখনও দেখা দেয়নি পদ্মা নদীতে। ফলে এখনও কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুট। ১০ ঘণ্টা ধরে এ রুট দিয়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঘন কুয়াশায় শনিবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। ফলে এই রুট হয়ে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরি বন্ধ থাকায় পদ্মার দুই পাশে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী আটকে রয়েছে।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া-দৌলতদিয়ার পদ্মার অববাহিকায় কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই বেশি যে নিকটবর্তী কোনও কিছুই দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে অবশেষে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি সংশ্লিষ্ট সূত্র মতে, রাত ১২টার দিকে কুয়াশার জালে মাঝ পদ্মায় আটকা পড়ে হাসনা হেনা, চন্দ্র মল্লিকা আর গোলাম মওলা নামের তিনটি ফেরি। এখনও শত শত যাত্রী আর যানবাহন নিয়ে কুয়াশার বন্দি দশা থেকে মুক্ত হতে পারেনি। একইভাবে পাটুরিয়া ঘাটে ৮টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে আছে। অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আরও ৫টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে আছে।
কনকনে শীত আর কুয়াশায় কোনও কিছু না দেখায় কষ্টে রীতিমত বন্দি দশায় কাটছে ফেরিপারের অপেক্ষায় থাকা বাসযাত্রীরা।
/এসটি/








