গাজীপুরের গজারি বন থেকে মানবদেহের হাড়, মাথার খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর মুচিবাড়ী বাজারের বন থেকে এগুলো উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সোমবার দুপুরে ওই এলাকার বনের ভেতর হাড়, মাথার খুলি ও কঙ্কালের অংশবিশেষ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে বনের ভেতর থেকে মাথার খুলি, পা, পিঠ ও বুকসহ শরীরর বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে। এসময় কঙ্কালের পাশের একটি গাছ থেকে ঝুলানো অবস্থায় একটি টর্চলাইট, পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া একটি লুঙ্গি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়।
কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান জানান, ‘কয়েকমাস আগে এখানে মৃত গরু পঁচা দুর্গন্ধের কথা এলাকাবাসী বলেছিল। মানুষ মৃত্যুর কথা কেউ বলেনি।’
এদিকে, কাপাসিয়ার টানচৌড়াপাড়ার আকরাম হোসেন দাবি করেন, উদ্ধার করা কঙ্কালগুলো তার ভাই আব্দুর রশীদের (৪০)। তার ভাই গত বছর ঈদুল আজহার দু’দিন আগে গরু নিয়ে হাটে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। উদ্ধার হওয়া লুঙ্গি, গেঞ্জি ও টর্চলাইট দেখে তিনি এ ধারণা করেন।
কাপাসিয়া থানার ওসি জানান, ‘জামা-কাপড় দেখে ব্যক্তি শনাক্তের মতো অবস্থা এখানে নেই। হাড়গুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ফলাফল পাওয়ার পরই বলা যাবে এটি কার মরদেহ।’
/এসএ/








