প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গোপালগঞ্জে যাচ্ছেন। এদিন তিনি সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা শহরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উর-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে রওনা হবেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়কপথে মানিকদহ হাউজিং এর উদ্দেশে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুট এর বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন। বৃহস্পতিবার তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরের দিন শুক্রবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার স্পর্শকাতর স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিরাপত্তা চৌকি বসিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবহিনী, র্যাব ও পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর জম্মভূমি টুঙ্গিপাড়া ও নিজ জেলা গর্বিত গোপালগঞ্জে স্কাউটটের জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ১০ হাজার স্কাউট এতে অংশ নিচ্ছে। মুটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোভারমুটের অনুষ্ঠানস্থল রং-বেরংয়ের পতাকা, ব্যানার, ফেস্টুন ও দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে বড় মঞ্চ। অসংখ্য পান্ডেল। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মাণ করা হয়েছে মঞ্চ। জাতীয় রোভার মুটের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
/এফএস/
আরও পড়ুন-
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী








